ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক বাংলাদেশ সংবাদ

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

চলচ্চিত্রের গানে নতুন প্রজন্মের সংগীত পরিচালকদের মধ্যে নিজের অবস্থান তৈরি করতে এগিয়ে যাচ্ছেন ই এস আভির শিকদার। সংগীত পরিবারে বেড়ে ওঠা এই তরুণ এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছেন। নতুন কাজের পাশাপাশি নিজের সৃষ্টিশীলতা দিয়ে আলাদা পরিচয় গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাঁর।সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে শেষ হয়েছে ‘স্বপ্নের নায়িকা’ চলচ্চিত্রের একটি গানের রেকর্ডিং। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই চলচ্চিত্রের গানটির সংগীতায়োজন করেছেন ই এস আভির। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় শিল্পী রাজীব ও পূজা।চলচ্চিত্রের সংগীতে আভিরের যাত্রা অবশ্য একেবারে নতুন নয়। এম কে জামান পরিচালিত ‘তুমি তুমি সারাক্ষণ’ চলচ্চিত্রের মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে তাঁর। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন মিতা মল্লিক ও মাসুম।এরপর একের পর এক নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন আভির। জামান মাস্টার পরিচালিত ‘চোখের আড়ালে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বও পেয়েছেন তিনি। একই সঙ্গে নির্মাতা মিজানুর রহমান মিজানের ‘ওয়েটিং’ চলচ্চিত্রের সবগুলো গানের সংগীত পরিচালনার কাজ করছেন আভির। আরও কয়েকটি চলচ্চিত্রের সংগীত নিয়েও তাঁর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।সংগীতের সঙ্গে আভিরের সম্পর্ক ছোটবেলা থেকেই। প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ এ আর বাবলুর হাত ধরে তাঁর আনুষ্ঠানিক সংগীতচর্চার শুরু। পরে বাবার কাছ থেকেও পেয়েছেন সংগীতের শিক্ষা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণা।আভিরের বাবা বাংলাদেশের চলচ্চিত্রের বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। বাবার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং সংগীতের প্রতি তাঁর নিষ্ঠা আভিরের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের কাজের মধ্য দিয়েই স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান তিনি।নিজের চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ই এস আভির বলেন, “আমার জীবনের অন্যতম বড় পাওয়া হলো এফ আই মানিক স্যারের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া। ওই চলচ্চিত্রের গানগুলোর সংগীত পরিচালনার কাজ আমার বাবার করার কথা ছিল। কিন্তু বাবা আমাকে সেই কাজ করার সুযোগ করে দিয়েছেন। একজন সন্তানের জন্য এটি অনেক বড় পাওয়া। আমি আমার বাবার কাছে চিরকৃতজ্ঞ। তাঁর আস্থা ও ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়।”ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আভির বলেন, “আমি আমার বাবার দেখানো পথেই এগিয়ে যেতে চাই। সংগীত আমার ভালোবাসা। বিশেষ করে চলচ্চিত্রের গান নিয়ে দীর্ঘদিন কাজ করার স্বপ্ন দেখি। বাবার আশীর্বাদ এবং শ্রোতা-দর্শকদের ভালোবাসা পেলে নিয়মিতভাবে এই অঙ্গনে কাজ করে যেতে চাই।”বর্তমানে দেশের সর্বকনিষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পরিচিতি পাওয়া ই এস আভিরের লক্ষ্য, কেবল পারিবারিক ঐতিহ্যকে অনুসরণ করা নয়; বরং নিজের সুর ও সংগীত ভাবনার মাধ্যমে চলচ্চিত্রের গানে নতুনত্ব আনা। আধুনিক সংগীতের সঙ্গে নিজের সৃষ্টিশীল চিন্তার সমন্বয় ঘটিয়ে শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার প্রত্যাশা তাঁর।চলচ্চিত্রে একটি ভালো গান শুধু বিনোদনের অংশ নয়, গল্পের আবেগকেও বহুগুণ বাড়িয়ে দেয়। সেই জায়গাটিকে সামনে রেখে বাবার দেখানো পথে নিজের সংগীতযাত্রাকে আরও বিস্তৃত করতে চান ই এস আভির শিকদার। নতুন প্রজন্মের এই সংগীত পরিচালকের সামনে এখন অপেক্ষা করছে আরও নতুন কাজ ও সম্ভাবনার দুয়ার।

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির
সর্বশেষ